ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে এবার কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করবে। মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের বৈঠক শেষে এমনটাই জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, এই প্রকল্পের পরিকল্পনা তৈরিতে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের যুক্ত করা হবে। দ্রুত কাজ শুরু করার লক্ষ্যেই এগোচ্ছে সরকার।
গঙ্গার ভাঙন রোধ এবং নদী ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার দিল্লিতে বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে তিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকরাও উপস্থিত ছিলেন। নদীভাঙন রোধ, নদীখাতে পলি অপসারণ এবং বন্যা নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনা তৈরিতে আইআইটি কানপুর ও আইআইটি রুরকির বিশেষজ্ঞরা যুক্ত থাকবেন। এই প্রকল্পের আওতায় ১২টি স্পার তৈরির পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে কাজ এগোলে ঘাটাল এলাকার দীর্ঘদিনের জলযন্ত্রণা কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, মালদহে গঙ্গার ভাঙন নিয়েও উদ্বেগ বাড়ছে। চলতি বছরের বর্ষায় কালিয়াচকের ভূতনিচর এলাকায় বন্যা পরিস্থিতি প্রশাসনের চিন্তা বাড়িয়েছে। সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল মালদহে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করেন। পরে তিনি মুখ্যমন্ত্রীকে পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট দেন। দিল্লির বৈঠকে মালদহের নদীভাঙন পরিস্থিতিও আলোচনায় উঠে এসেছে বলে সূত্রের খবর।
ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের কাছে গুরুত্বপূর্ণ দাবি। বর্ষায় ঘাটাল ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় জল জমা এবং বন্যার সমস্যা দেখা দেয়। এবার কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগে প্রকল্পের কাজ এগোলে পরিস্থিতির স্থায়ী সমাধানের পথ খুলতে পারে। তবে প্রকল্পের বাস্তবায়ন, সময়সীমা এবং কাজ শুরুর নির্দিষ্ট দিনক্ষণ সম্পর্কে আরও বিস্তারিত ঘোষণার অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







