বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি এবার দেশে ফিরতে হবে? তাঁকে বাংলাদেশে ফেরানোর দাবিতে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ভারতের রাজধানীতে পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই-এর মহাপরিচালক মেজর জেনারেল মহম্মদ সারওয়ার ফরিদ। সূত্রের খবর, রবিবার বিকেলে আরও এক পদস্থ কর্তাকে সঙ্গে নিয়ে দিল্লিতে পৌঁছন তিনি। দুই দেশের গোয়েন্দা সংস্থার শীর্ষ পর্যায়ের বৈঠকে যোগ দিতেই তাঁর এই সফর বলে জানা যাচ্ছে। আর সেই বৈঠক ঘিরেই শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
বাংলাদেশের বর্তমান সরকারের তরফে বারবার শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি জানানো হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ রবিবারও জানিয়েছেন, হাসিনাকে তাঁর ইচ্ছামতো দেশে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। তাঁকে একজন অভিযুক্ত হিসেবে বাংলাদেশের হাতে প্রত্যর্পণ করার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
অন্যদিকে, শেখ হাসিনা আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। তবে তাঁর প্রত্যাবর্তনের ক্ষেত্রে একাধিক জটিলতা রয়েছে। বাংলাদেশে ফিরে গেলে তাঁর নিরাপত্তা নিশ্চিত হবে কি না, সেই প্রশ্নও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
দিল্লিতে দুই দেশের গোয়েন্দা প্রধানদের বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। তবে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বৈঠকে আলোচনা হবে কি না, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
ভারত-বাংলাদেশ সম্পর্কের বর্তমান পরিস্থিতিতে এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। তবে শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়। তাঁর প্রত্যাবর্তন নির্ভর করবে দুই দেশের কূটনৈতিক আলোচনা, আইনি প্রক্রিয়া এবং নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তের উপর। দিল্লির বৈঠক থেকে কোনও সমাধানসূত্র বেরিয়ে আসে কি না, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







