best news portal development company in india

এবার ট্রেনে চেপেই গঙ্গাসাগর! রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে রেলপথের দাবি মুখ্যমন্ত্রীর, ২০২৯-এ মুড়িগঙ্গা সেতু তৈরির লক্ষ্যমাত্রা

SHARE:

গঙ্গাসাগর যাত্রা আরও সহজ করতে এবার রেলপথ তৈরির দাবি জানালেন মুখ্যমন্ত্রী। সোমবার সাঁতরাগাছি স্টেশনে সাঁতরাগাছি-টাটানগর-জয়পুরের খাতিপুরা এক্সপ্রেসের সূচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে এই আবেদন জানান তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, গঙ্গাসাগরের মতো গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্রকে রেল মানচিত্রে যুক্ত করতে উদ্যোগী হোক রেল মন্ত্রক। প্রয়োজনে টানেল বা অন্য পরিকাঠামো তৈরি করেও রেলপথ নির্মাণের আবেদন জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, শ্রীনগর থেকে রামেশ্বরম পর্যন্ত রেল যোগাযোগের ক্ষেত্রে অসম্ভবকে সম্ভব করেছে রেল মন্ত্রক। এবার বাংলার জন্যও গঙ্গাসাগরে রেলপথ তৈরির উপহার দেওয়ার আবেদন জানান তিনি। তাঁর কথায়, গঙ্গাসাগর মানুষের বিশ্বাস ও আস্থার অন্যতম কেন্দ্র। তাই সেখানে যাতায়াতের সুবিধা বাড়ানো অত্যন্ত জরুরি।

মুড়িগঙ্গার উপর সেতু নির্মাণের প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্য সরকারের উদ্যোগে সেতু তৈরির কাজ শুরু হয়েছে এবং ২০২৯ সালের মধ্যে তা সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। পাশাপাশি গঙ্গাসাগরে রেল যোগাযোগের সম্ভাবনা খতিয়ে দেখতে রেল মন্ত্রকের কাছে সার্ভে টিম পাঠানোর আবেদন জানান তিনি।

এদিনের অনুষ্ঠানে মূলত পশ্চিমবঙ্গ ও রাজস্থানের মধ্যে রেল যোগাযোগ আরও মজবুত করার লক্ষ্যে খাতিপুরা এক্সপ্রেসের সূচনা হয়। ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং বিভিন্ন রাজ্যের জনপ্রতিনিধিরা।

অনুষ্ঠান থেকে বাংলায় বিনিয়োগের আহ্বানও জানান মুখ্যমন্ত্রী। শিল্পপতিদের উদ্দেশে তাঁর বার্তা, বিনিয়োগের জন্য পশ্চিমবঙ্গ প্রস্তুত এবং রাজ্য সরকার সবরকম সহযোগিতা করতে আগ্রহী। অন্য রাজ্যের পরিবর্তে বাংলাতেই শিল্প স্থাপনের জন্য উদ্যোগপতিদের আহ্বান জানান তিনি।

গঙ্গাসাগরে রেলপথ তৈরি হলে তীর্থযাত্রীদের যাতায়াত আরও সহজ হতে পারে। তবে প্রকল্পের বাস্তবায়ন নির্ভর করছে রেল মন্ত্রকের সমীক্ষা, প্রযুক্তিগত সম্ভাবনা এবং পরবর্তী সিদ্ধান্তের উপর।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *