রেজিনগর, ১১ জুলাই ২০২৬: পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ (Ayushman Bharat) চালুর প্রক্রিয়া শুরু হতেই উপভোক্তাদের যোগ্যতা ও মাপকাঠি নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছিল নানা সংশয়। নির্দিষ্ট আর্থ-সামাজিক নিয়মের বেড়াজালে আটকে অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন, এমন একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল রাজ্য জুড়ে। জনগণের সেই আশঙ্কায় জল ঢেলে এবার রেজিনগরের জনসভা থেকে এক ঐতিহাসিক ‘মাস্টারস্ট্রোক’ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রযুক্তিগত বা নিয়মের কারণে রাজ্যের যে সমস্ত পরিবার কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বাদ পড়ে যাবেন, তাঁদের চিকিৎসার দায়িত্ব নেবে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই তিনি রাজ্যে চালু করলেন সম্পূর্ণ নিজস্ব ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ (Mukhyamantri Swasthya Bima Yojana)। এই নতুন প্রকল্পের অধীনেও উপভোক্তারা বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ ক্যাশলেস (Cashless) চিকিৎসার সুবিধা পাবেন।
রাজ্য ছাড়িয়ে দেশজুড়ে কার্যকর: এক নজরে নতুন বিমা যোজনা
রাজ্য সরকারের এই মানবিক ও দূরদর্শী সিদ্ধান্তের ফলে চিকিৎসা বিভ্রাট ও বিপুল খরচের হাত থেকে রেহাই পাবেন কোটি কোটি সাধারণ মানুষ। নতুন এই প্রকল্পের মূল বৈশিষ্ট্যগুলি নিচে দেওয়া হলো:
-
১০০% স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত: আয়ুষ্মান ভারতের কঠিন নিয়মের বেড়াজালে আটকে যারা তালিকা থেকে বাদ পড়বেন, তাঁদের জন্য এই যোজনাটি একটি ‘সুরক্ষাকবচ’ হিসেবে কাজ করবে। ফলে রাজ্যের প্রতিটি পরিবারের স্বাস্থ্য সুরক্ষা একশো শতাংশ নিশ্চিত হবে।
-
সর্বভারতীয় ক্ষেত্রে প্রযোজ্য: এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হলো, এর ক্যাশলেস চিকিৎসা কেবল পশ্চিমবঙ্গেই সীমাবদ্ধ থাকবে না। দেশের যেকোনো রাজ্যে এই প্রকল্পের তালিকাভুক্ত (Empaneled) হাসপাতালে সমানভাবে এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে।
-
মধ্যবিত্তের স্বস্তি: দরিদ্রের পাশাপাশি রাজ্যের নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলিও, যারা সাধারণত কেন্দ্রীয় তালিকার বাইরে থেকে যান, তারাও এই সরকারি সুরক্ষ বলয়ের আওতায় চলে এলেন।
ঘরে ঘরে ফর্ম তোলার মাঝেই দুশ্চিন্তা দূর করল নবান্ন
বর্তমানে পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে ও পুরসভা এলাকায় কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম তোলার কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। কিন্তু স্ক্রুটিনির পর কারা শেষ পর্যন্ত এই সুবিধা পাবেন আর কারা বাদ পড়বেন, তা নিয়ে আমজনতার দুশ্চিন্তার অন্ত ছিল না।
রেজিনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আশঙ্কার স্থায়ী সমাধান করে বলেন, “কারও চিন্তার কোনও কারণ নেই। দিল্লি বা কেন্দ্রের নিয়মের কারণে যদি এ রাজ্যের কোনও গরিব বা মধ্যবিত্ত মানুষের নাম আয়ুষ্মান ভারতের তালিকা থেকে বাদও যায়, তবে তাঁদের ঘরের ছেলের মতো পাশে দাঁড়াবে এই রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার কার্ড আপনাদের ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার গ্যারান্টি দেবে।”
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর একদিকে যেমন দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ওপর থেকে চিকিৎসার খরচের মস্ত বড় বোঝা নেমে গেল, অন্যদিকে তেমনই দেশের যে কোনও প্রান্তে আপদকালীন পরিস্থিতিতে উন্নত মানের চিকিৎসা পাওয়ার পথ সুগম হলো। স্বাভাবিকভাবেই সরকারের এই ঘোষণায় রাজ্য রাজনীতিসহ আপামোর জনসাধারণের মধ্যে বিপুল উদ্দীপনা ও খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







