ফ্ল্যাট প্রতারণার অভিযোগে জড়িত মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন বসিরহাটের প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান। বুধবার সকালে স্বামী যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দেন তিনি। রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রবীণ নাগরিকদের থেকে কোটি কোটি টাকা আত্মসাতের যে অভিযোগ উঠেছে, সেই মামলার তদন্তেই তাঁকে তলব করা হয়েছে।
ইডির সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ সালে একটি সংস্থা ৪০০-রও বেশি প্রবীণ নাগরিকের কাছ থেকে মাথাপিছু প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা নিয়ে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরেও ফ্ল্যাট বা টাকা—কোনোটিই ফেরত পাননি ভুক্তভোগীরা। ওই সংস্থার ডিরেক্টর পদে নুসরতের নাম থাকায় তদন্তে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ২০২৩ সালে এই একই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এদিন টানা ৮ ঘণ্টা জেরার পর ক্লান্ত অবস্থায় ইডি দপ্তর থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী। মামলার নতুন তথ্য সামনে আসতেই তাঁকে পুনরায় তলব করা হয়েছে বলে জানা গেছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519






