ভোটের দিনক্ষণ এগিয়ে আসার সাথে সাথেই প্রশাসনিক স্তরে কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। পক্ষপাতিত্বের অভিযোগে বিধাননগরের পুলিশ কমিশনার মুরলিধর শর্মাকে সরিয়ে তাঁর জায়গায় আইপিএস আধিকারিক ত্রিপুরারি অথর্বাকে নিযুক্ত করা হয়েছে। ত্রিপুরারি অথর্বা এর আগে রাজ্য পুলিশের ‘ইকোনমিক অফেন্সেস উইং’-এর ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। শনিবার সকাল ১১টার মধ্যে এই নির্দেশ কার্যকর করতে মুখ্যসচিবকে কড়া বার্তা দিয়েছে কমিশন।
একই দিনে সরাসরি রাজনৈতিক প্রচারে অংশ নেওয়ার অভিযোগে উত্তর ২৪ পরগনা ও বীরভূমের মোট ৫ জন বুথ লেভেল অফিসারকে (BLO) সাসপেন্ড করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে বারাসতের তিনজন— তপন কুমার সাহা, অভিজিৎ দে ও কুমারজিৎ দত্ত রয়েছেন। অন্য দু’জন বীরভূমের দুবরাজপুর ও ময়ূরেশ্বরের আধিকারিক। কমিশন জানিয়েছে, তাঁদের শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় বিভাগীয় তদন্ত ও এফআইআর (FIR) দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম দফার নির্বাচনের আগে কমিশনের এই সিদ্ধান্ত প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে স্পষ্ট বার্তা দিল।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







