মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউরেনিয়াম হস্তান্তর সংক্রান্ত দাবিকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হলেও, ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তা পুরোপুরি উড়িয়ে দিল ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, আমেরিকার হাতে পারমাণবিক উপাদান তুলে দেওয়ার বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছানো তো দূর, এ নিয়ে কোনো আলোচনাই হয়নি।
ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই সরকারিভাবে জানিয়েছেন, ইউরেনিয়াম মজুত ইরানের কাছে তাদের সার্বভৌমত্বের মতোই ‘পবিত্র’ এবং তা কোনো পরিস্থিতিতেই অন্য দেশে পাঠানো হবে না। ইরানের পার্লামেন্ট স্পিকার মহম্মদ বাঘের গালিবফও ট্রাম্পের বিরুদ্ধে ‘মিথ্যাচারের’ অভিযোগ এনেছেন। বর্তমানে দুই দেশের মধ্যে ১০ দিনের সাময়িক যুদ্ধবিরতি চললেও, ইউরেনিয়াম নিয়ে ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। হোয়াইট হাউস শান্তির বার্তা দিলেও তেহরান দাবি করছে, আলোচনায় এখন পর্যন্ত কোনো বড় অগ্রগতি হয়নি।
ইউরেনিয়াম হস্তান্তরের বদলে ইরান বর্তমানে যুদ্ধের ক্ষতিপূরণ এবং স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে অনড় রয়েছে। পাকিস্তান মধ্যস্থতা করলেও দুই দেশের দীর্ঘদিনের আস্থাহীনতা শান্তি প্রক্রিয়ার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







