২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার বরাহনগর কেন্দ্রটি বর্তমানে অন্যতম ‘ব্যাটল ফিল্ড’ হয়ে দাঁড়িয়েছে। সোমবার রাতে বরাহনগরের ৭ নম্বর ওয়ার্ডের আমতলা এলাকায় বিজেপি প্রার্থী সজল ঘোষের নির্বাচনী সভা শেষ হওয়ার পরেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। অভিযোগ, প্রচার সেরে ফেরার পথে বিজেপি কর্মীদের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয়। বিজেপির দাবি, বন্দুকের বাট দিয়ে তাঁদের কর্মীদের মারধর করা হয়েছে, যাতে অন্তত ৩-৪ জন কর্মী গুরুতর আহত হয়েছেন।
এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাতেই বরাহনগর থানার সামনে অনুগামীদের নিয়ে বিক্ষোভে বসেন সজল ঘোষ। তাঁর অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা অজয় গুপ্তার নেতৃত্বে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। সজল ঘোষ আরও দাবি করেন যে, পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটলেও প্রশাসন কোনো সক্রিয় ভূমিকা নেয়নি। উত্তেজনা প্রশমনে খোদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সজল ঘোষকে ফোনে আশ্বস্ত করেন এবং বিষয়টি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দেন।
তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, এটি বিজেপির অভ্যন্তরীণ কোন্দল অথবা ভোটারদের সহানুভূতি পাওয়ার এক নাটকীয় চেষ্টা। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও সজল ঘোষের এই হাই-ভোল্টেজ লড়াইকে কেন্দ্র করে বরাহনগরের রাজনৈতিক পরিস্থিতি এখন চরম উত্তেজনাপূর্ণ।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







