ইন্ডিয়ান ন্যাশনাল মাইনস অফিশিয়াল অ্যান্ড সুপারভাইজরি স্টাফ অ্যাসোসিয়েশন (ইনমোসা)-র নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের পর প্রথম বৈঠক অনুষ্ঠিত হল শুক্রবার। ইসিএলের সাতগ্রাম-শ্রীপুর এরিয়ার নিউ সাতগ্রাম কোলিয়ারির কমিউনিটি হলে এই বৈঠক হয়।
এদিন কেন্দ্রীয় কমিটির ১৩ জন পদাধিকারীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তালিকায় রয়েছেন — সভাপতি দেবেন্দ্র কুমার পাণ্ডে, জাতীয় সাধারণ সম্পাদক বিজয় কুমার সিং, কোষাধ্যক্ষ কপিল দেব রাম, সহ-সভাপতি অনিল কুমার উপাধ্যায়, আর.বি. সিং, অজিত কুমার সিং, উপ-মহাসচিব সমীর চক্রবর্তী, যুগ্ম সম্পাদক বিজয় কুমার মৌর্য ও সুধীর কুমার, সংগঠন সম্পাদক তনুজ কুমার আনন্দ ও অবধেশ কুমার, সহকারী সম্পাদক শীতল যাদব এবং সহকারী কোষাধ্যক্ষ জয়ন্ত কুমার মিত্র।
বৈঠকের শুরুতে নবনিযুক্ত সকলকে মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা জে.কে. ব্যানার্জির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। বিভিন্ন সাবসিডিয়ারি থেকে আসা সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতি দেবেন্দ্র কুমার পাণ্ডে বলেন, এটি সংগঠনের জন্য নতুন সূচনা। কোল ইন্ডিয়া ও সহযোগী সংস্থায় কর্মরত অফিসার ও সুপারভাইজরি স্টাফদের সমস্যা সঠিক মঞ্চে তুলে ধরে তাঁদের স্বার্থ রক্ষা করাই প্রধান লক্ষ্য। স্বচ্ছতা ও দায়িত্বের সঙ্গে সংগঠন এগিয়ে নিয়ে যাওয়া হবে।
জাতীয় সাধারণ সম্পাদক বিজয় কুমার সিং বলেন, ইনমোসাকে জাতীয় স্তরে আরও সংগঠিত ও প্রভাবশালী করাই লক্ষ্য। সব সাবসিডিয়ারির মধ্যে সমন্বয় বাড়িয়ে কর্মীদের দাবি ম্যানেজমেন্টের কাছে জোরালোভাবে তোলা হবে। তিনি আরও বলেন, ইনমোসার নাম ব্যবহার করে কেউ গোষ্ঠীবাজি বা বেআইনি কাজ করলে তা বরদাস্ত করা হবে না।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







