হাসপাতালের সুপারের চেম্বারে ঢুকে তাঁকে হুমকি ও গালিগালাজ করার অভিযোগ উঠল এক বিজেপি নেতা স্বপন ঘোষের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে রানাঘাট মহকুমা হাসপাতালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্তের বিরুদ্ধে রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হাসপাতালের সুপার ডক্টর প্রহ্লাদ অধিকারী।
অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে বিনা অনুমতিতে সুপারের চেম্বারে ঢুকে পড়েন স্বপন ঘোষ। তাঁর সঙ্গে আরও দু-একজন ছিলেন বলে অভিযোগ। কয়েক দিন আগে হাসপাতাল থেকে এক চিকিৎসাধীন মহিলাকে ছুটি দেওয়া হয়েছিল। অভিযোগ, ওই মহিলার ছুটির কাগজে তাঁকে ‘প্রতিবন্ধী’ এবং ‘সই করার ক্ষমতা নেই’ বলে উল্লেখ করার জন্য সুপারকে চাপ দেন বিজেপি নেতা।
কিন্তু রোগীকে সরাসরি পরীক্ষা না করে এ ধরনের শংসাপত্র দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন হাসপাতাল সুপার। অভিযোগ, এরপরই তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় রানাঘাট থানার পুলিশ। পরে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন প্রহ্লাদ অধিকারী। ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানা গিয়েছে।
অন্যদিকে, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্বপন ঘোষ। তাঁর দাবি, ওই মহিলার অন্নপূর্ণা যোজনার ভাতা যাতে বন্ধ না হয়, সেই অনুরোধ জানাতেই তিনি হাসপাতালে গিয়েছিলেন। তাঁর বক্তব্য, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
ঘটনায় দুই পক্ষের বক্তব্য সামনে আসার পর গোটা বিষয়টি খতিয়ে দেখছে রানাঘাট থানার পুলিশ।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







