স্বাস্থ্যসাথী প্রকল্পে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর দাবি, অডিট করতে গিয়ে বহু ভুয়ো কার্ড ও ভুয়ো উপভোক্তার সন্ধান মিলেছে। প্রাথমিকভাবে প্রায় ৩০ লক্ষেরও বেশি উপভোক্তার তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে। এই অনিয়মের আর্থিক পরিমাণ ২০ থেকে ৩০ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে অভিযোগ করা হয়েছে।
স্বাস্থ্যসাথী থেকে আয়ুষ্মান ভারত কিংবা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার কার্ড তৈরির প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের তথ্য যাচাই করছেন সরকারি কর্মীরা। সেই যাচাইয়ের সময়ই বহু উপভোক্তার বর্তমান ঠিকানায় তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। নবান্ন সূত্রে খবর, আগে স্বাস্থ্যসাথী কার্ড থাকা অনেকেরই বর্তমান ঠিকানার সঙ্গে নথিতে থাকা তথ্যের মিল পাওয়া যাচ্ছে না।
স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ, কিছু সংস্থার যোগসাজশে ভুয়ো চিকিৎসক, জাল সই, ভুয়ো রিপোর্ট এবং ভুয়ো কার্ডের মাধ্যমে প্রকল্পের অর্থ লেনদেন হয়ে থাকতে পারে। এই অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট নথি ও লেনদেন খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, স্বাস্থ্যসাথী থেকে যত বেশি কার্ড আয়ুষ্মান ভারত প্রকল্পে স্থানান্তরিত হবে, তত বেশি অনিয়ম সামনে আসতে পারে। তবে ২০ থেকে ৩০ হাজার কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ এখনও তদন্তসাপেক্ষ। প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে বিস্তারিত তদন্ত ও নিরীক্ষার ফলাফল গুরুত্বপূর্ণ।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







