আন্তর্জাতিক মঞ্চে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কারের দাবি আরও জোরালো করল ভারত। পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে ক্ষমতার সমতা প্রতিষ্ঠার পক্ষে সওয়াল করে ভারতের রাষ্ট্রদূত পার্বথনেনি হরিশ স্পষ্ট জানিয়েছেন, নিরাপত্তা পরিষদে সংস্কার হলে নতুন পরিষদের প্রত্যেক স্থায়ী সদস্যকে ভেটো ক্ষমতা-সহ সমান অধিকার ও দায়িত্ব দিতে হবে। ভেটো ক্ষমতাহীন বা সীমিত ক্ষমতাসম্পন্ন স্থায়ী সদস্যদের জন্য পৃথক শ্রেণি তৈরির প্রস্তাবের বিরোধিতা করেছে নয়াদিল্লি।
রাষ্ট্রসংঘে বক্তব্য রাখতে গিয়ে হরিশ বলেন, নিরাপত্তা পরিষদে যতদিন ভেটো ক্ষমতা থাকবে, ততদিন সংস্কার হওয়া পরিষদের সমস্ত স্থায়ী সদস্যেরই সেই ক্ষমতা থাকা উচিত। ভারতের মতে, নতুন স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা থেকে বঞ্চিত করা হলে পরিষদে বৈষম্য থেকেই যাবে।
হরিশের বক্তব্য, ভেটো ক্ষমতাহীন স্থায়ী সদস্যদের আলাদা শ্রেণি তৈরি করলে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় মৌলিক কোনও পরিবর্তন আসবে না। বরং বর্তমান পাঁচ স্থায়ী সদস্যের হাতেই ক্ষমতার নিয়ন্ত্রণ থেকে যাবে। তাই নিরাপত্তা পরিষদের প্রকৃত সংস্কারের জন্য সব স্থায়ী সদস্যের সমান অধিকার নিশ্চিত করা জরুরি।
একইসঙ্গে ভেটো ক্ষমতার অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ভারত। হরিশের মতে, এই ক্ষমতা সংযমের সঙ্গে ব্যবহার করা উচিত এবং সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার হাতিয়ার হিসেবে এর ব্যবহার করা অনুচিত।
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ব্যবহারের পরিসংখ্যান তুলে ধরে ভারত জানিয়েছে, বিভিন্ন প্রস্তাবে বারবার ভেটো প্রয়োগ পরিষদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। ভারতের বক্তব্য, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিরাপত্তা পরিষদকে আরও কার্যকর, প্রতিনিধিত্বমূলক ও গণতান্ত্রিক করে তোলা প্রয়োজন।
সব মিলিয়ে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কারের প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত। এখন দেখার, ভারতের এই দাবির প্রেক্ষিতে আন্তর্জাতিক মহলে কতটা সমর্থন মেলে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







