রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। এই মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। ইন্দ্রনীল সেন এবং তাঁর সঙ্গে সম্পর্কিত মামলার বিষয়ে পূর্বে যুক্ত থাকার কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। এবার মামলাটি নতুন বেঞ্চে পাঠানোর ব্যবস্থা করবেন প্রধান বিচারপতি। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২ নভেম্বর।
দুর্গাপুজোর ভিআইপি পাস ও টিকিট বিক্রিকে কেন্দ্র করে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এই ঘটনায় তাঁর স্ত্রী এবং তাঁদের সংস্থা ‘মাস আর্ট’-এর নামও জড়িয়েছে। অভিযোগ, ইউনেস্কোর নাম ব্যবহার করে ভিআইপি পাস ও টিকিট চড়া দামে বিক্রি করা হয়েছিল। তদন্তের অংশ হিসেবে ইন্দ্রনীল সেনের বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। তাঁকে কলকাতার সিজিও কমপ্লেক্সে দু’বার তলবও করা হয়। সেখানে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।
এরপর কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন প্রাক্তন মন্ত্রী। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। গ্রেফতারির আশঙ্কায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।
বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর বেঞ্চে মামলাটি তালিকাভুক্ত থাকলেও শেষ পর্যন্ত শুনানি হয়নি। ফলে আপাতত আইনি স্বস্তি পেলেন না ইন্দ্রনীল সেন। এখন নজর ২ নভেম্বরের শুনানির দিকে। তবে, মামলার অভিযোগগুলি এখনও বিচারাধীন এবং আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







