আসানসোল: পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মঙ্গলবার আসানসোলে বিশেষ সচেতনতা অভিযান চালান আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নির্দেশে আসানসোল নর্থ ট্রাফিক গার্ড। এই অভিযানে স্কুলপড়ুয়া শিশু, পথচারী ও সাধারণ মানুষকে কে সাথে নিয়ে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি HLG মোড়ে পথ নিরাপত্তার বার্তা দিতে একটি সচেতনতা র্যালিও বের করা হয়।
অভিযান চলাকালীন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে নিরাপদে যাতায়াতের গুরুত্ব বোঝানো হয়। পুলিশ জানায়, দু’চাকার গাড়ি চালানোর সময় হেলমেট পরা এবং চারচাকার গাড়িতে যাতায়াতের সময় সিটবেল্ট ব্যবহার করা অত্যন্ত জরুরি। পাশাপাশি মদ্যপ অবস্থায় কখনও গাড়ি না চালানোর আবেদন জানানো হয়। কারণ, মদ্যপ অবস্থায় গাড়ি চালালে দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই বেড়ে যায় এবং নিজের পাশাপাশি অন্যের জীবনও বিপদের মুখে পড়তে পারে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল নর্থ ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় ভগত। তিনি মাইকের মাধ্যমে সাধারণ মানুষ ও গাড়িচালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার বার্তা দেন। রাস্তায় চলাচলের সময় সতর্ক থাকা, যানবাহন চালানোর ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করা এবং নিজের পাশাপাশি অন্যের নিরাপত্তার দিকেও নজর রাখার আবেদন জানান তিনি।
সচেতনতা র্যালির মাধ্যমেও পথ নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া হয় সাধারণ মানুষের কাছে। ট্রাফিক পুলিশের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল, মানুষের মধ্যে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং অসতর্কতার কারণে ঘটে যাওয়া পথ দুর্ঘটনা কমাতে সবাইকে উৎসাহিত করা।
পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে, প্রত্যেকে যেন দায়িত্বশীল নাগরিক হিসেবে ট্রাফিক নিয়ম মেনে চলেন, রাস্তায় সতর্কতা অবলম্বন করেন এবং নিরাপদ যাত্রাকে নিজেদের দৈনন্দিন অভ্যাসে পরিণত করেন।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







