ইউরোপে সহিংস বিক্ষোভের আবহে ভারতীয়দের শান্তিপ্রিয় বলে বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তাঁর বক্তব্য, বিদেশের মাটিতে ভারতীয়রা পরিবারকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করেন এবং কখনও ভাঙচুর বা জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টির মতো কর্মকাণ্ডে জড়ান না। জার্মানির রাজধানী বার্লিনে প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।
বর্তমানে জার্মানি সফরে রয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। সোমবার বার্লিনে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারতীয় জনগণ এবং ভারতীয় সম্প্রদায় শান্তিপ্রিয় হিসেবে পরিচিত। তাঁরা পরিবারের সঙ্গে বসবাস করেন এবং পরিবারের দায়িত্ব পালন করেন। জার্মানিতে ভারতীয়রা যে স্বাগত ও সম্মান পান, তার অন্যতম কারণ তাঁদের এই আচরণ বলেও মন্তব্য করেন তিনি।
পীযূষ গোয়েলের বক্তব্যে ইউরোপের অন্যান্য অংশে চলতে থাকা বিক্ষোভের প্রসঙ্গও উঠে আসে। তাঁর দাবি, ভারতীয়রা রাস্তায় নেমে ভাঙচুর বা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করেন না। ফলে বিদেশের মাটিতে ভারতীয় সম্প্রদায়ের ভাবমূর্তি ইতিবাচক।
উল্লেখ্য, মূল্যবৃদ্ধি, মজুরি এবং সরকারি পরিষেবা নিয়ে অসন্তোষের জেরে ইউরোপের বিভিন্ন দেশে প্রতিবাদ-বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। কিছু ক্ষেত্রে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও, কোথাও কোথাও সংঘর্ষ ও সম্পত্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে অভিবাসীদের ভূমিকা নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অভিবাসন ও শরণার্থী ইস্যুতে মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছেন। এমন আবহে পীযূষ গোয়েলের বক্তব্যকে বিদেশে বসবাসকারী ভারতীয়দের আচরণ ও ভাবমূর্তি নিয়ে একটি তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







