স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন হাসপাতালে ঘুরে স্বাস্থ্য পরিষেবার পরিস্থিতি খতিয়ে দেখছেন শারদ্বত মুখোপাধ্যায়। তবে পুজোর আবহে সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বেহাল পরিষেবা নিয়ে অভিযোগ ওঠার পর কয়েকজন পদাধিকারীর স্বাস্থ্য দফতরের অনুমোদন ছাড়াই ছুটি নেওয়ার বিষয়টিও সামনে আসে। এই পরিস্থিতিতে পুজোর ছুটি নিয়ে কড়া অবস্থান নিলেন স্বাস্থ্যমন্ত্রী।
শুক্রবার রাজ্যের বিভিন্ন হাসপাতালের সুপারদের সঙ্গে বৈঠকের পর শারদ্বত মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, আগামী বছর থেকে দুর্গাপুজোর ছুটির রোস্টার তৈরি করতে হবে মাত্র চার দিনের ভিত্তিতে। অর্থাৎ ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত দীর্ঘ ছুটির পরিবর্তে পুজোর নির্দিষ্ট চার দিনের মধ্যেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি দেওয়ার ব্যবস্থা করতে হবে।
সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত ছুটি নেওয়ার প্রচলিত ব্যবস্থা বন্ধ হওয়া উচিত। তাঁর বক্তব্য, ১৯৪৭ সালের পর থেকে চলে আসা এই দীর্ঘ ছুটির রেওয়াজ এবার বদলানোর সময় এসেছে। আগামী বছর থেকেই নতুন নিয়ম কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
চিকিৎসকদের দায়বদ্ধতার বিষয়েও কড়া বার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, প্রত্যেক চিকিৎসকই নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন। দায়বদ্ধতা না বুঝলে তিনি চিকিৎসক নন। পুজোর সময়েও যাতে সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এবার নজর, আগামী বছর নতুন ছুটির রোস্টার কীভাবে কার্যকর হয়।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







