কলকাতা ও হাওড়ার পুরভোটের প্রস্তুতির মধ্যেই বড় ঘোষণা ঋতব্রতপন্থী গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের। কোনও দলের সঙ্গে জোট নয়, পুরভোটে একাই লড়বে তাদের দল। এমনটাই জানিয়েছেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। পুজো মিটতেই পুরভোটকে ঘিরে রাজনৈতিক মহলে তৎপরতা বাড়ছে। তারই মধ্যে বাইপাসের ধারে দলের কার্যালয়ে বৈঠকে বসেন অরূপ রায়, মদন মিত্র ও ফিরহাদ হাকিম-সহ একাধিক নেতা। সূত্রের খবর, পুরভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা হলেও অরূপ রায় জানিয়েছেন, দলের নির্বাচনী প্রতীক সংক্রান্ত বিষয়ে কমিশনকে হলফনামা দেওয়ার জন্যই এই বৈঠক।
এদিকে, ঋতব্রতপন্থী তৃণমূলের সঙ্গে এনসিপিআই-এর যোগাযোগ রয়েছে বলে দাবি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির। সেই অভিযোগ উড়িয়ে অরূপ রায় বলেন, এনসিপিআই-এর সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। তাঁর দাবি, এনসিপিআই আলাদা দল এবং বিজেপির সঙ্গে তাদের সংযুক্তিকরণ হয়েছে। মুখ্যমন্ত্রী যা বলেছেন, সেটাই যে সত্যি হবে, এমন কোনও কথা নেই বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, বিজেপির সঙ্গে গণতান্ত্রিক তৃণমূলের সম্ভাব্য সমঝোতা নিয়েও প্রশ্ন উঠেছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফ্লোর টেস্টের প্রসঙ্গ তুলে আস্থা ভোট হলে ১৭৫টি ভোট পাওয়ার দাবি করেছিলেন। এই পরিস্থিতিতে বিজেপির সঙ্গে হাত মেলানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে অরূপ রায় জানান, ব্যক্তিগতভাবে তিনি কখনওই তেমন সমঝোতার পক্ষে নন। তাঁর বক্তব্য, নির্বাচনে লড়ার উদ্দেশ্যেই গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে এবং তাঁরাই আসল তৃণমূল কংগ্রেস।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







