ঘাটালবাসীর দীর্ঘদিনের যন্ত্রণার নাম ‘ঘাটাল মাস্টার প্ল্যান’, যা ২০২৬-এর বিধানসভা নির্বাচনের মুখে পুনরায় রাজনৈতিক বাগযুদ্ধের কেন্দ্রে চলে এল। শনিবার ডেবরা থেকে নির্বাচনী প্রচারের মঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দেন যে, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মাত্র এক বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করে এলাকার নিকাশি সমস্যার স্থায়ী সমাধান করা হবে। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের জন্য দেড় হাজার কোটি টাকা পাঠিয়েছিলেন এবং কেন্দ্র ৬০ শতাংশ খরচ বহন করতে চেয়েছিল, কিন্তু তৃণমূল সরকারের গাফিলতিতেই এই প্রকল্প এতদিন আটকে রয়েছে।
অন্যদিকে, অমিত শাহের এই বক্তব্যের কড়া বিরোধিতা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পালটা দাবি করেন যে, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নূন্যতম ধারণা নেই। অভিষেক স্পষ্ট জানান, কেন্দ্র টাকা না দেওয়ায় রাজ্য সরকার ইতিমধ্যেই নিজস্ব অর্থায়নে এই প্রকল্পের কাজ শুরু করেছে। দেবের নির্বাচনী প্রচারের প্রসঙ্গ টেনে তিনি মনে করিয়ে দেন যে, কেন্দ্র বঞ্চনা করলেও রাজ্য তার প্রতিশ্রুতি রক্ষা করছে। নদীমাতৃক ঘাটালের শতাব্দীপ্রাচীন নদী ও বাঁধের সমস্যা মেটাতে এই ‘মাস্টার প্ল্যান’ যে এবারের ভোটেও অন্যতম প্রধান ইস্যু, মোদী-শাহর বারংবার বাংলা সফর এবং তৃণমূলের পালটা আক্রমণেই তা পরিষ্কার।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







