বাঁকুড়ার স্কুলডাঙ্গা এলাকায় সংগ্রামী যৌথ মঞ্চের এক নেতার ওপর নৃশংস হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার এবিটিএ (ABTA) হলে সংগঠনের একটি বৈঠক শেষে বেরনোর সময় নেতা অরিন্দম মণ্ডলের ওপর লাঠি ও হকি স্টিক নিয়ে একদল দুষ্কৃতী চড়াও হয় বলে অভিযোগ। সংগঠনের অন্যতম প্রধান নেতা ভাস্কর ঘোষের দাবি, তৃণমূল ছাত্রনেতা সুরজ বক্সের নেতৃত্বে প্রায় ৪০ জন দুষ্কৃতী এই হামলা চালিয়েছে। রক্তাক্ত অবস্থায় অরিন্দম মণ্ডলকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
ভাস্কর ঘোষ অভিযোগ করেছেন যে, হামলাকারীরা তৃণমূলের পতাকা লাগানো লাঠি ব্যবহার করেছে এবং সরাসরি মাথা ও মুখ লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে, যা কার্যত ‘খুনের চেষ্টা’র সমান। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে যে, এর সাথে দলের কোনো যোগ নেই এবং আইন আইনের পথেই চলবে। ভোটের মুখে এই ধরণের রাজনৈতিক হিংসার ঘটনা বাঁকুড়া জেলা জুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে। বিরোধী দলগুলো এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







