পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড়সড় বিস্ফোরণ ঘটিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রকাশ করা একটি ভাইরাল ভিডিও, যেখানে দেখা যাচ্ছে হুমায়ুন কবীর মমতাকে ক্ষমতা থেকে সরাতে বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার চুক্তির আলোচনা করছেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “সংখ্যালঘুদের বোকা বানানো খুব সহজ” এবং নির্বাচনের পর তিনি বিজেপিকে সমর্থনের ইঙ্গিতও দেন। এই ভিডিও প্রকাশ্যে আসতেই আসাউদ্দিন ওয়েইসির দল এআইএমআইএম (AIMIM) দ্রুত পদক্ষেপ নিয়ে হুমায়ুন কবীরের ‘আমজনতা উন্নয়ন পার্টি’-র সঙ্গে দীর্ঘদিনের জোট ছিন্ন করার ঘোষণা করেছে। শুক্রবার মিমের পক্ষ থেকে এক্স (X) হ্যান্ডেলে জানানো হয়েছে যে, মুসলিমদের নৈতিকতা ও মর্যাদা নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনও শক্তির সঙ্গে তারা যুক্ত থাকবে না।
তৃণমূল নেতা ফিরহাদ হাকিম এই ভিডিও নিয়ে সরব হয়ে হুমায়ুন কবীরকে ‘বেইমান’ আখ্যা দিয়েছেন এবং এই ষড়যন্ত্রে ওয়েইসির দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে মিম নেতৃত্ব আজ ইসলামপুরের নির্ধারিত যৌথ জনসভা বাতিল করে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আসন্ন নির্বাচনে তারা কোনো জোট ছাড়াই এককভাবে লড়াই করবে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, তবুও ভোটের মুখে এই ‘ডিল’ বিতর্ক এবং মিমের জোট ভাঙার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতির সমীকরণকে সম্পূর্ণ বদলে দিয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







