রাজ্যে নতুন শিল্প বিনিয়োগ নিয়ে বুধবার নবান্নে বৈঠক করলেন শিল্পপতি সজ্জন জিন্দাল। তাঁর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে রাজ্যে সম্ভাব্য বিনিয়োগ এবং কর্মসংস্থান নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
অম্বানী ও আদানি গোষ্ঠীর পর এবার জিন্দল গোষ্ঠীর বিনিয়োগ ঘিরেও জল্পনা তৈরি হয়েছে। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, আগামী জানুয়ারিতে প্রকল্পের ভূমিপুজো হওয়ার কথা রয়েছে।
কর্মসংস্থান ও স্বাস্থ্যক্ষেত্রে দায়িত্বের প্রসঙ্গ
নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, সজ্জন জিন্দাল একজন বড় বিনিয়োগকারী। তিনি রাজ্যে কর্মসংস্থানের বিষয়টি নিয়ে শিল্পপতির সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি মেদিনীপুর মেডিক্যাল কলেজের দায়িত্ব নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, জিন্দাল রাজ্যের একটি মন্দির সংস্কারেও আগ্রহ প্রকাশ করেছেন। সেই বিষয়ে তাঁকে কয়েকটি তালিকা দেওয়া হবে।
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসার কথা
বৈঠকের আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে সজ্জন জিন্দালের মন্তব্য। শুভেন্দু অধিকারী জানান, জিন্দাল বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা করেছেন। তাঁর কথায়, বুদ্ধবাবু ভালো মানুষ ছিলেন বলে মন্তব্য করেছেন শিল্পপতি।
রাজস্ব আদায় ও উদ্ধার হওয়া অর্থ নিয়ে মন্তব্য
এদিন রাজ্যের রাজস্ব আদায় নিয়েও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, পুলিশের তৎপরতায় প্রায় ৪ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে। সারা বছরে রাজস্ব আদায় ৮ হাজার কোটি টাকা হতে পারে বলেও জানান তিনি।
ডায়মন্ড হারবারে তৃণমূলের পার্টি অফিস থেকে কোটি টাকা উদ্ধারের প্রসঙ্গেও মন্তব্য করেন শুভেন্দু। তিনি দাবি করেন, উদ্ধার হওয়া অর্থের সঙ্গে অবৈধ উপার্জন ও রাজস্ব লুঠের যোগ রয়েছে। সেই টাকা দেশের বাইরে পাঠানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এছাড়া উত্তরবঙ্গের একটি গুদাম থেকে সুপারি ও অবৈধ তেল উদ্ধারের কথাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, পুলিশ তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519






