best news portal development company in india

কুলটির বরাকরে শিল্পপতি অনিল আগরওয়ালের বাড়িতে ইডির হানা, পাঁচটি গাড়িতে পৌঁছল তদন্তকারী দল

SHARE:

কুলটি: শুক্রবার ভোরে কুলটির বরাকরে শিল্পপতি অনিল আগরওয়ালের বাড়িতে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। হনুমান চড়াই এলাকায় অবস্থিত ওই বাড়িতে সকাল প্রায় ৬টা নাগাদ পাঁচটি গাড়িতে করে পৌঁছন তদন্তকারী আধিকারিকরা। সকাল ১১টা পর্যন্ত বাড়ির ভিতরে তল্লাশি ও তদন্ত চালাতে দেখা যায় তাঁদের। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, ‘জয় শ্রী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়ালিস্টস’-এর মালিক সোনু আগরওয়ালের ভাই অনিল আগরওয়ালের বাড়িতে এই অভিযান চালানো হয়। সোনু আগরওয়াল, লালা-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি এবং অবৈধ কয়লা কারবার সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে সূত্রের দাবি। সেই মামলাগুলির সূত্র ধরেই এই তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। কয়েকটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন বলেও খবর।

ইডির তদন্তকারী দলে মহিলা আধিকারিকদের পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ছিলেন। তল্লাশি চলাকালীন বাড়ির আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বাইরের লোকজনের যাতায়াত নিয়ন্ত্রণ করা হয় বলেও জানা গিয়েছে।

প্রাথমিকভাবে পাঁচটি গাড়িতে আধিকারিকদের দল বাড়িতে পৌঁছয়। প্রায় এক ঘণ্টা পর দুটি গাড়ি সেখান থেকে চলে যায়। বাকি তিনটি গাড়ি দীর্ঘক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

তবে এই অভিযানে কী কী নথি বা গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ইডির পক্ষ থেকেও এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তদন্তের অগ্রগতি এবং অভিযানের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *