বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহকে কেন্দ্র করে সালানপুরের হিন্দুস্তান কেবলসের ওল্ড কলোনিতে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃত যুবকের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। পরিবারের সূত্রে জানা গিয়েছে, তাঁর স্ত্রী ও দুই সন্তান দিল্লিতে থাকেন। মাঝেমধ্যে তিনি হিন্দুস্তান কেবলসের কোয়ার্টারে এসে থাকতেন।
স্থানীয় সূত্রের খবর, প্রতিবেশী মন্টু যাদবের স্ত্রীর সঙ্গে বিকির ঘনিষ্ঠতা রয়েছে বলে সন্দেহ করতেন মন্টু। বুধবার সন্ধ্যায় বিকি তাঁর বাড়িতে রয়েছেন বলে খবর পেয়ে কাজ থেকে তড়িঘড়ি বাড়ি ফেরেন তিনি। এরপরই দু’জনের মধ্যে বচসা শুরু হয়, যা পরে হাতাহাতিতে গড়ায়।
অভিযোগ, মন্টু যাদব ও তাঁর কয়েকজন সঙ্গী বিকিকে আটকে রেখে বেধড়ক মারধর করেন। মৃতের পিসির দাবি, পরিকল্পনা করেই বিকিকে বাড়িতে ডেকে এনে বেঁধে নির্যাতন করা হয়।
গুরুতর আহত অবস্থায় বিকিকে প্রথমে পিঠাকেয়ারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করার পথে মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। ইতিমধ্যে সুরেন্দ্র যাদব ও দীপক যাদব নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে মন্টু যাদবের স্ত্রীকেও। মূল অভিযুক্ত মন্টু যাদব-সহ বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
কীভাবে সম্পর্কের সন্দেহকে কেন্দ্র করে এই ঘটনা প্রাণঘাতী হয়ে উঠল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ এবং কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তদন্তের পরই তা স্পষ্ট হবে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







