রাজনৈতিক মতাদর্শ আলাদা, অতীতে ছিল মতবিরোধও। কিন্তু উৎসবের মরশুমে রাজনীতির ঊর্ধ্বে উঠে সৌজন্যের নজির গড়লেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বিসর্জনের যানজটে আটকে পড়া বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি বের করার ব্যবস্থা করে দিলেন তিনি। শুক্রবার রাতে কলকাতার রাজা রামমোহন রায় রোডে এই ঘটনাকে ঘিরে সামনে এল রাজনৈতিক সৌজন্যের এক অন্য ছবি।
শুক্রবার রাতে শিয়ালদহ সংলগ্ন রাজা রামমোহন রায় রোড দিয়ে যাচ্ছিলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সময় বিসর্জনের শোভাযাত্রার কারণে রাস্তায় ব্যাপক ভিড় তৈরি হয়। যানজটে আটকে যায় তাঁর গাড়ি। ঘটনাস্থলের কাছেই বাড়ি কুণাল ঘোষের। সাংসদের গাড়ি আটকে থাকতে দেখে সাহায্যের জন্য এগিয়ে আসেন তিনি।
বিসর্জনের শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলে প্রতিমা বহনকারী গাড়িটি ঘুরিয়ে দেওয়ার অনুরোধ করেন কুণাল। তাঁর অনুরোধে রাস্তা কিছুটা ফাঁকা করে দেওয়া হলে সেখান দিয়ে বেরিয়ে যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। এই সময় দু’জনের মধ্যে হাতজোড় করে বিজয়ার শুভেচ্ছা বিনিময়ও হয়। হাসিমুখে তাঁদের কথাবার্তা বলতেও দেখা যায়।
উল্লেখযোগ্য বিষয়, বছর দুয়েক আগেও দু’জনের সম্পর্ক ছিল যথেষ্ট তিক্ত। কলকাতা হাই কোর্টের বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের নিয়োগ সংক্রান্ত একাধিক মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন। সেই সময় তাঁর বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
অতীতের রাজনৈতিক মতবিরোধের আবহেও এই ঘটনায় সামনে এল সৌজন্যের ছবি। উৎসবের আনন্দে দলীয় পরিচয়ের বাইরে গিয়ে একে অপরের পাশে দাঁড়ানোর এই মুহূর্তই এখন রাজনৈতিক মহলে আলোচনার বিষয়।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







