ভোটের ফল প্রকাশের পর বুধবার প্রথমবার সিউড়ির পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন তৃণমূলের দলীয় কার্যালয়ে যান অনুব্রত মণ্ডল। স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের সময় আচমকাই তিন যুবক লাঠি ও গাছের ডাল হাতে কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। অনুব্রতের সামনেই চেয়ার, টেবিল, কাচের জানলা এবং এসি-সহ একাধিক সামগ্রীতে ভাঙচুর করা হয়।
ঘটনার সময় অনুব্রত মণ্ডলকে ঘিরে ওই যুবকদের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তাঁকে কলার ধরে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। ভাঙা কাচের টুকরোয় অনুব্রত সামান্য আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তাঁকে ফের সিউড়িতে দেখা গেলে পরিণতি ভালো হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন যুবককে আটক করে। তাঁদের দাবি, গত ১৫ বছর ধরে এলাকায় যে ‘অত্যাচার’ হয়েছে, তারই প্রতিবাদে এই ঘটনা। তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলেও দাবি করেছেন। তবে তাঁদের রাজনৈতিক পরিচয় বা হামলার প্রকৃত উদ্দেশ্য নিয়ে এখনও পুলিশের তদন্ত চলছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় অনুব্রত মণ্ডল পুলিশি নিরাপত্তা চান। পরে পুলিশি এসকর্টে তিনি সিউড়ি ছাড়েন। দলীয় কার্যালয়ে হামলা, অনুব্রতকে হুমকি এবং নিরাপত্তার গাফিলতির অভিযোগ—সব দিক খতিয়ে দেখছে পুলিশ।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







