পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আগামী ২৩ এপ্রিল কলকাতার কোনো কেন্দ্রে ভোট না থাকলেও, নির্বাচন কমিশনের নির্দেশে শহরজুড়ে মদের দোকান, বার ও রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণত ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সংশ্লিষ্ট এলাকায় ‘ড্রাই ডে’ পালিত হয়, কিন্তু এবার বেনজিরভাবে প্রথম দফার ভোটের চার দিন আগে থেকেই কলকাতায় মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখা এবং মদের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার যেকোনো চেষ্টা রুখতেই এই কঠোর পদক্ষেপ। শুধু বিশেষ জেলা নয়, বরং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতেও এই নিয়ম কার্যকর করা হয়েছে। রাজ্যের আবগারি দপ্তর জানিয়েছে, ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিলের ভোটের আগে এবং ফল প্রকাশের দিন অর্থাৎ ৪ মে সম্পূর্ণ ড্রাই ডে থাকবে। হোটেল, ক্লাব বা রেস্তোরাঁ—কোথাও মদ পরিবেশন বা সরবরাহ করা যাবে না। এই সিদ্ধান্তের ফলে সুরাপ্রেমীদের মধ্যে জল্পনা বাড়লেও নিরাপত্তার স্বার্থে কমিশন আপস করতে নারাজ।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519






