পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক দশ দিন আগে বুথ সংগঠনকে শক্তিশালী করতে কোমর বেঁধে নামছে বিজেপি। হাইপ্রোফাইল প্রচার বা দেওয়াল লিখনের পাশাপাশি তৃণমূলকে রুখতে ‘বুথ স্তরের সংগঠন’ যে তুরুপের তাস, তা স্পষ্ট করে দিতে আজ সরাসরি ময়দানে নামছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ নমো (NaMo) অ্যাপের মাধ্যমে ‘মেরা বুথ সবসে মজবুত’ কর্মসূচিতে বাংলার হাজার হাজার বুথ কর্মকর্তার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে বুথ লেভেলের কর্মীদের উদ্বুদ্ধ করা বিজেপির প্রধান অগ্রাধিকার। কারণ ভোটদান নিশ্চিত করা থেকে শুরু করে বুথ পাহারা এবং ভোটারদের মন জয় করার কাজটা সম্পন্ন করেন এই নিচুতলার কর্মীরাই। তৃণমূলের ‘তৃণমূল’ স্তরের মোকাবিলা করতে প্রধানমন্ত্রীর এই দিকনির্দেশনা এবং ভোকাল টনিক কর্মীদের মনোবল এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেবে বলে মনে করছে গেরুয়া শিবির। আজকের বৈঠকে প্রচারের রূপরেখা ও বুথ রক্ষার কৌশল নিয়ে প্রধানমন্ত্রী কী বিশেষ বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







